রাজ্যের একাধিক জেলায় শীতের দাপট আরও বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, এদিন বিকেল থেকে রাজ্যের মোট ন’টি জেলায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হয়েছে।
উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া এই জেলাগুলিতে শীতল দিনের পরিস্থিতি থাকবে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস কম থাকবে।
দক্ষিণবঙ্গেও সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নামতে পারে। এর ফলে দিনের বেশিরভাগ সময় জুড়েই কনকনে শীতের অনুভূতি থাকবে।
এদিকে উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি দার্জিলিং জেলার উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েচ্ছে আবহাওয়া দপ্তর।
সান্দাকফু, ঘুম, ধোত্রে ও চটকপুরের মতো উঁচু এলাকায় তুষারপাত হতে পারে।
কুয়াশার দাপটও বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে,
কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে আসতে পারে মাত্র ৫০ মিটারে।
দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতেও এদিন ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইতিমধ্যেই তাপমাত্রা অনেকটাই কমেছে ও আগামী দিনে আরও প্রায় দু’ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলায়। আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন না হলেও রাজ্যজুড়ে জমিয়ে শীত আরও পাঁচ থেকে সাত দিন স্থায়ী হতে পারে।
