কড়া চিঠি এলো রাজ্যের কাছে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে টানাপোড়েন ক্রমশ তীব্র হচ্ছে। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন এবং কটাক্ষ করে কমিশনকে “হোয়াটসঅ্যাপ কমিশন” বলেও আখ্যা দেন।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন রাজ্যের মুখ্যসচিবকে কড়া ভাষায় চিঠি পাঠাল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ মানা হয়নি এই অভিযোগ তুলে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। নির্বাচন কমিশনের অভিযোগ, রাজ্য সরকার কমিশনের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ এখনও কার্যকর করেনি। চিঠিতে জানানো হয়েছে, যেসব আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশ এখনো মানা হয়নি। বিশেষ করে বসিরহাট–২ ব্লকের বিডিও তথা এইআরও সুমিত্র প্রতিম প্রধানকে বরখাস্ত করার নির্দেশ কার্যকর না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কমিশন।