হাওড়ায় বিসি জিন্দাল ফাউন্ডেশনের কর্মসংস্থান বৃদ্ধি

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বিসি জিন্দাল গ্রুপের সামাজিক শাখা ‘বিসি জিন্দাল ফাউন্ডেশন’, হাওড়ার যুবক ও নারীদের উচ্চ-চাহিদাসম্পন্ন শিল্প-ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তাঁদের স্বাবলম্বী করে তোলার অঙ্গীকার নিয়েছে। এই মহৎ উদ্যোগের অংশ হিসেবে বেলুরে অবস্থিত ‘বিসি জিন্দাল স্কিল সেন্টার’-এ প্রতি বছর প্রান্তিক ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের ১,০০০-এরও বেশি প্রার্থীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। বর্তমানে স্বাস্থ্যসেবা, হসপিটালিটি, অ্যাপারেল, আইটি এবং ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির মতো পাঁচটি গুরুত্বপূর্ণ খাতে মোট নয়টি বৃত্তিমূলক ট্রেডে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বিসি জিন্দাল গ্রুপের প্রোমোটার শ্যাম সুন্দর জিন্দালের নেতৃত্বে পরিচালিত এই ফাউন্ডেশনটি প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অন্তত ৭০ শতাংশের কর্মসংস্থান বা প্লেসমেন্ট নিশ্চিত করার পরিকল্পনা করেছে। এখানকার পাঠ্যক্রমে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান, ডেটা এন্ট্রি অপারেটর, চাইল্ড কেয়ারটেকার এবং জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্টের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এগুলির এখন স্থানীয় শিল্পে যথেষ্ট চাহিদা রয়েছে। ফাউন্ডেশনের মুখপাত্র জানিয়েছেন যে, তাঁদের মূল লক্ষ্য হলো মানসম্পন্ন বৃত্তিমূলক শিক্ষার অভাব দূর করে নারী ক্ষমতায়ন এবং যুবসমাজকে অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর করে তোলা।

এই উদ্যোগটি রাষ্ট্রসংঘের স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির ৪, ৫, ৮ এবং ১০ নম্বর সাস্টেইনেবল গোল ডেভেলপমেন্টের এর সঙ্গে সঙ্গতিপূর্ণ। যার লক্ষ্য গুণগত শিক্ষার মান বাড়ানো, লিঙ্গ বৈষম্য দূর করা এবং কর্মসংস্থান নিশ্চিত করা। ২০২৬ অর্থবর্ষে বিসি জিন্দাল ফাউন্ডেশন সারা ভারত জুড়ে বিভিন্ন সিএসআর প্রকল্পের জন্য ৪০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে। মূলত পশ্চিমবঙ্গ, দিল্লি, হরিয়ানা এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলোতে স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টির উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে। ১৯৫২ সালে প্রতিষ্ঠিত এই শিল্পগোষ্ঠী তাদের বহুমুখী ব্যবসার পাশাপাশি সমাজকল্যাণেও এখন এক অনন্য মাইলফলক স্থাপন করছে।