যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। সাম্প্রতিক সময়ে বিশ্বের একাধিক বৃহৎ সংস্থা বিনিয়োগের ক্ষেত্রে ভারতকে বেছে নিয়েছে। সেই রেশ বজায় রেখেই এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে।
মূলত, এবার অ্যামাজন ভারতে তাদের কার্যক্রম দ্রুত সম্প্রসারণের জন্য আগামী ৫ বছরে ৩৫ বিলিয়ন ডলারেরও বেশি (ভারতীয় মুদ্রায় ৩১ লক্ষ কোটি টাকা) বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। জানিয়ে রাখি যে, ২০১০ সাল থেকে কোম্পানিটি ইতিমধ্যেই ভারতে প্রায় ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
এই নতুন বিনিয়োগ মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার এবং লজিস্টিক নেটওয়ার্ককে শক্তিশালী করতে ব্যয় করা হবে। অ্যামাজন এমন এক সময়ে এই বিরাট বিনিয়োগের পরিকল্পনা করছে যখন কুইক কমার্স বা ১০ মিনিটের ডেলিভারির বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অ্যামাজন সেলার সার্ভিসেসের অপারেশনাল আয় ২০২৫ অর্থবর্ষে ১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩০,১৩৯ কোটিতে পৌঁছেছে।
