ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর শিলিগুড়িতে শুরু বিজেপির দেয়াল লিখন কর্মসূচি

ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই রাজ্য জুড়ে জোরকদমে শুরু হয়ে গেল নির্বাচনী প্রচার। তারই অংশ হিসেবে সোমবার সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের সক্রিয়তা লক্ষ্য করা যায়।

শহরের ১৬ নম্বর ওয়ার্ডে এদিন বিজেপির পক্ষ থেকে দেয়াল লিখন কর্মসূচি শুরু হয়। দলীয় পতাকা হাতে কর্মী – সমর্থকদের স্লোগান তুলতে তুলতে প্রচার চালাতে দেখা যায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি নেতা শঙ্কর ঘোষ। তাঁর উপস্থিতিতে কর্মী – সমর্থকদের উৎসাহ আরও বাড়তে দেখা যায়। দলীয় স্লোগানের পাশাপাশি এলাকাজুড়ে বিজেপির সমর্থনে দেয়াল লিখন করা হয়। তবে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট আসনে প্রার্থী ঘোষণা না হওয়ায় সেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

এ প্রসঙ্গে শংকর ঘোষ বলেন, দল যাকেই প্রার্থী করুক না কেন এবারের নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার গঠন করবে বলেই তিনি আশাবাদী। তাঁর দাবি, রাজ্যের মানুষ এখন পরিবর্তন চাইছে। তিনি আরও বলেন, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। সেই কারণেই সাধারণ মানুষ আর তৃণমূলকে ভোট দেবেন না বলে তিনি দাবি করেন। প্রার্থী ঘোষণার প্রসঙ্গে তিনি জানান, খুব শীঘ্রই দলের পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

তবে যেখান থেকেই যে প্রার্থী হোক না কেন, এবারের নির্বাচনে বিজেপি রাজ্যে বেশিরভাগ আসনেই জয়লাভ করবে বলেই আত্মবিশ্বাস প্রকাশ করেন শংকর ঘোষ।