সাতদিনের মধ্যেই বদলে গেল রাজনৈতিক সৌজন্যের ছবি। বসন্ত উৎসবের দিন শিলিগুড়ির বসুন্ধরায় একসঙ্গে আবির খেলায় সৌজন্য বিনিময় করেছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও বিজেপি বিধায়ক শংকর ঘোষ। কিন্তু তার এক সপ্তাহের মধ্যেই শিলিগুড়ির বিবেকানন্দ বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষের অনুষ্ঠানে দেখা গেল ভিন্ন চিত্র।
শিলিগুড়ির বিজেপি বিধায়ক তথা ওই বিদ্যালয়ের শিক্ষক শংকর ঘোষ বুধবার সকালে নির্ধারিত সময়ে স্কুলের অনুষ্ঠানে উপস্থিত হন। সেই সময় স্কুল প্রাঙ্গণে মঞ্চে বসেছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র সহ স্কুল কর্তৃপক্ষ। শংকর ঘোষের অভিযোগ, তিনি স্কুলে প্রবেশ করার পরই মেয়র ও ডেপুটি মেয়র মঞ্চ ছেড়ে উঠে যান ও পরে মিড-ডে মিলের ঘরে গিয়ে বসেন।
এই ঘটনায় নিজেকে অসম্মানিত মনে করে তিনি অভিমানে অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যান। স্কুল প্রাঙ্গণ ছেড়ে নিজের সাদা স্কুটি চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। যাওয়ার পথে কয়েকজন ছাত্রছাত্রীর সঙ্গে কথাও বলেন। এই ঘটনায় অবাক হয়ে যায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক মহল।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর বক্তব্য, “শংকর এসেছিল নাকি? আমি তো দেখিনি। ও চলে গেল কেন? এটা তো স্কুলের অনুষ্ঠান, সবারই থাকা উচিত। ও তো এই স্কুলেরই শিক্ষক।”
মঞ্চ ছেড়ে ওঠার প্রসঙ্গে মেয়র বলেন, মঞ্চে রোদ পড়ছিল, তাই তিনি ও অন্যরা মিড-ডে মিলের ঘরে গিয়ে বসেছিলেন। ঘটনা নিয়ে স্কুলের প্রধান শিক্ষকও খুব বেশি মন্তব্য করতে চাননি। তিনি বলেন, বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষের অনুষ্ঠান নিয়ে বিতর্ক হওয়া ঠিক নয়। মেয়র – ডেপুটি মেয়র অতিথি হিসেবে এসেছিলেন ও শংকর ঘোষ এই স্কুলেরই শিক্ষক।
