দেশের সীমান্ত সুরক্ষায় ব্যবহৃত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম নিয়ে জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত হল বিএসএফ-এর বিশেষ অস্ত্র প্রদর্শনী। শহরের এবিপিসি ময়দানে আয়োজিত এই কর্মসূচিতে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। জলপাইগুড়ি সেক্টরের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিএসএফ জলপাইগুড়ি হেডকোয়ার্টারের একাধিক আধিকারিক ও জওয়ানরা।
দেশের সুরক্ষায় ব্যবহৃত বিভিন্ন অত্যাধুনিক রাইফেল, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, সুরক্ষা সরঞ্জাম সহ নজরদারি উপকরণ কাছ থেকে দেখার সুযোগ পান সাধারণ মানুষ। প্রদর্শনী ঘিরে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায় স্কুল ও কলেজ পড়ুয়াদের মধ্যে। অনেকেই জওয়ানদের কাছ থেকে অস্ত্রের কার্যপ্রণালী ও সীমান্তে ব্যবহারের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আগ্রহ প্রকাশ করেন।
ছাত্রছাত্রীদের দেশপ্রেম ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি সচেতন করে তুলতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত বছর বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে হীরক জয়ন্তী প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছিল বিএসএফ। সেই ধারাবাহিকতায় জনসংযোগ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এদিনের এই বিশেষ প্রদর্শনীর আয়োজন। অস্ত্রের ভাণ্ডার ও জওয়ানদের দক্ষতা প্রত্যক্ষ করে রীতিমতো অভিভূত হন উপস্থিত সাধারণ মানুষ ও পড়ুয়ারা। অনেকেই জানান, এ ধরনের উদ্যোগ দেশের সুরক্ষা ব্যবস্থার প্রতি আস্থা আরও বাড়িয়ে দেয়।
