খাবারের লোভে ডায়েট ভাঙছে? খাই খাই ভাব নিয়ন্ত্রণ করুন এই ৫ পদ্ধতিতে

রোজ নিয়ম করে জিমে যাচ্ছেন, প্রোটিন সমৃদ্ধ খাবারও খাচ্ছেন। তবুও খাই খাই ভাবের জন্য শরীরের মেদ গলানোর চেষ্টা বিফলে যাচ্ছে! অনেকেই সামনে পছন্দের খাবার দেখলে আর লোভ সামলাতে পারেন না, খেয়েই ফেলেন।তবে, সমস্যা খাওয়ায় নয়। সমস্যা হল অনিয়ন্ত্রিতভাবে খেয়ে ফেলা। খাবারের প্রতি তাৎক্ষণিক লোভ এড়াতে কয়েকটি বিষয় মেনে চলুন।

১। নির্দিষ্ট কোনো খাবার এড়িয়ে চলতে চাইলে, সেটি সামনে থাকলেও আঙুল দিয়ে টেবিলে টোকা দিয়ে ১-২-৩-৪ গুনুন। তারপর আবার উল্টো দিক থেকে গোনা শুরু করুন। এভাবে কয়েকবার করলেই সেই মুহূর্তে নিজেকে ওই খাবার খাওয়া থেকে বিরত রাখতে পারবেন।

২। অনেক সময় গন্ধের পরিবর্তনও কার্যকর হতে পারে। কোনও খাবার খাওয়ার ইচ্ছার পেছনে সেই খাবারের সুবাসেরও বড় ভূমিকা থাকে। এক্ষেত্রে, মন যদি অন্য কোনও সুগন্ধের দিকে সরে যায়, তাহলে সেই ইচ্ছা সাময়িকভাবে দমন করা সম্ভব। এ ক্ষেত্রে এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন, সুগন্ধী মোম জ্বালাতে পারেন বা ঘরে ভিন্ন কোনও মনভোলানো গন্ধ ছড়িয়ে দিতে পারেন।

৩। নিজের মনে মনে এমন সময় আশপাশে থাকা যেকোনো ৫টি জিনিস লক্ষ্য করুন। তারপর একটু জোরে জোরে সেই জিনিসগুলোর নাম বারবার বলতে থাকুন। এতে মন অন্যদিকে সরে যাবে এবং বিক্ষিপ্ত হবে।

৪। খাওয়ার ইচ্ছা দমনে জোরে শ্বাস নিন, তারপর ধীরে ধীরে ছাড়ুন। মন শ্বাস-প্রশ্বাসের দিকে ঝুঁকলে তাতেও কাজ হতে পারে।

৫। মনকে বোঝাতে পারেন, এখন নয় পরে খাওয়া যাবে। এমন ভাবনা তৈরি করতে পারলেও উপকার মিলতে পারে।