উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০–৫০ কিমি
বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতায় অবস্থান করা এই ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এর ফলেই রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ইতিমধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে কলকাতা ও আশপাশের এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। যদিও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট।
রবিবার ও সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতেও। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া নদিয়া, মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। দার্জিলিং, কোচবিহার-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে। সেখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে।
এদিকে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আগামী সাত দিন রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে। দিনের তাপমাত্রা আগামী দু’দিনে দুই থেকে তিন ডিগ্রি বাড়লেও পরে আবার কিছুটা কমতে পারে।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৬ ডিগ্রি কম।
বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত, রবিবার থেকে কলকাতায় বাড়তে পারে বৃষ্টি
