ভোটের মুখে অসমে কংগ্রেসে নাটক: ভূপেন বরার পদত্যাগ নিয়ে চরম বিভ্রান্তি

বিধানসভা নির্বাচনের আগে অসম প্রদেশ কংগ্রেসে বড়সড় ডামাডোল শুরু হয়েছে। সোমবার সকালে দলের প্রাক্তন সভাপতি ভূপেন বরা আচমকা কংগ্রেস হাইকম্যান্ডকে পদত্যাগপত্র পাঠান, যা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়। ভূপেন জানান যে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, তবে দুপুর হতেই বদলে যায় পরিস্থিতি।

দলের দায়িত্বপ্রাপ্ত নেতা জিতেন্দ্র সিংহ দাবি করেন, রাহুল গান্ধীর সঙ্গে ১৫ মিনিট ফোনে কথা বলার পর ভূপেন তাঁর পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন। যদিও ভূপেন বরা নিজে সরাসরি প্রত্যাহারের কথা না বলে জানিয়েছেন যে, সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তিনি কিছুটা সময় চেয়েছেন।

এদিকে ভূপেনের দলত্যাগের খবর আসতেই আসরে নেমেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জল্পনা বাড়িয়ে বলেছেন, মঙ্গলবার সন্ধ্যায় তিনি ভূপেনের বাড়ি যাবেন এবং বিজেপি তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত। পরিস্থিতি সামাল দিতে গৌরব গগৈসহ কংগ্রেসের শীর্ষ নেতারা ভূপেনের বাড়িতে গিয়ে বৈঠক করেন। ভোটের আগে নিজের পুরনো সৈনিককে কংগ্রেস ধরে রাখতে পারে কি না, এখন সেটাই দেখার।