বেড়ে চলেছে ডিমের দাম, কারণ জানতে চাইলো প্রশাসন

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ডিমের উৎপাদন বিগত কয়েক বছরে রাজ্যে রেকর্ড হারে বাড়লেও বাজারে দাম কমছে না। বরং বেড়েই চলেছে। উত্তর জানতে এবার নড়েচড়ে বসেছে নবান্ন।

হাঁস-মুরগির খাদ্যের দাম বেড়ে যাওয়াকেই এর বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে নবান্নে বসে টাস্ক ফোর্সের গুরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তর, কৃষি, কৃষি বিপণন-সহ একাধিক দপ্তরের সচিবরা। এদিন ডিমের দাম কমানোই ছিল বৈঠকের প্রধান আলোচ্য বিষয়।

জানানো হয়েছে হাঁস-মুরগির খাবারের দাম বাড়ছে ভুট্টার সরবরাহ কমে যাওয়ার ফলে। ভুট্টা চাষ বাড়লেও তার বড় অংশই চলে যাচ্ছে ইথানল তৈরিতে। ফলে পোল্ট্রি খাদ্যের জন্য পর্যাপ্ত ভুট্টা পাওয়া যাচ্ছে না। তার সরাসরি প্রভাব পড়ছে ডিমের দামে। এখন ডিমের পাইকারি দাম ৭ টাকা ৫ পয়সা। খোলা বাজারে বিক্রি হচ্ছে ৮ টাকা করে।