নকশালবাড়িতে বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে উ*ত্তেজনা, তৃণমূল-বিজেপি তরজা চ*রমে

বিজেপির পরিবর্তন যাত্রা নকশালবাড়িতে প্রবেশের আগেই রাজনৈতিক উত্তেজনা ছড়াল এলাকাজুড়ে। সোমবার রাতে নকশালবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে মঞ্চ তৈরির কাজ জোরকদমে শুরু হয়। পাশাপাশি এলাকাজুড়ে বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন লাগানো হয়।

এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উত্তেজনা তৈরির অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির দাবি, তাদের কর্মসূচিকে ঘিরে যেখানে দলীয় পতাকা লাগানো হয়েছে, সেখানে তৃণমূলও নিজেদের পতাকা লাগিয়ে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে। অন্যদিকে, অভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা কোর কমিটির সদস্য অরুণ ঘোষ।

তিনি বলেন, বিজেপি উন্নয়নের রাজনীতি করে না, বরং এসআইআর ইস্যুর নামে মানুষকে রাস্তায় নামাচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে দলীয় পতাকা লাগানো স্বাভাবিক বলেই দাবি করেন তিনি। পাশাপাশি বিজেপির ‘ডান্ডা’ মন্তব্যেরও কড়া সমালোচনা করেন।

এই ঘটনার মধ্যেই এদিন ঘটনাস্থল দিয়ে বাড়ি ফেরার সময় অরুণ ঘোষের সঙ্গে বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন-এর বাগ্‌বিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানা পুলিশ। পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয়।

মঙ্গলবার বিজেপির পরিবর্তন যাত্রা নকশালবাড়িতে প্রবেশ করার কথা, তার আগেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।