‘কেরল’ থেকে ‘কেরলম’: অনুমোদন দিল কেন্দ্র, পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে নীরব বৈষ্ণব

বিধানসভা নির্বাচনের আগে কেরলের নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেরল বিধানসভার সর্বসম্মত প্রস্তাবে সায় জানিয়ে রাজ্যের নাম ‘কেরল’ থেকে ‘কেরলম’ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ দিন কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই সামনে আসে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের দীর্ঘদিনের প্রস্তাবের প্রসঙ্গ। প্রায় আট বছর ধরে রাজ্যের পাঠানো নাম বদলের প্রস্তাব কেন্দ্রের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে এ দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের বিষয়টি একাধিকবার এড়িয়ে যান রেলমন্ত্রী। তিনি শুধু বলেন, “আজ মন্ত্রিসভার বৈঠকে যা সিদ্ধান্ত হয়েছে, সেটুকুই জানাতে এসেছি।”
উল্লেখ্য, ২০১৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যের নাম বদলে ‘বাংলা’ (ইংরেজিতে , হিন্দিতে ) করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে কেন্দ্রের পরামর্শে তিন ভাষায় ভিন্ন নামের বদলে একটিই নাম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৮ সালে ফের বিধানসভায় সব ভাষায় ‘বাংলা’ নামেই প্রস্তাব পাস করে কেন্দ্রের অনুমোদনের জন্য পাঠানো হয়।
কিন্তু তার পর থেকে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে আর কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। কেরলের প্রস্তাবে দ্রুত সায় মিললেও পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন প্রসঙ্গে কেন্দ্র আপাতত নীরব বলেই রাজনৈতিক মহলের ধারণা।