ছুটিতে বেড়ানোর আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে। দিঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল ওড়িশার এক পর্যটকের। আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। এই দুর্ঘটনার পর পর্যটকদের নিরাপত্তায় বাড়তি সতর্কতা নিয়েছে দিঘা পুলিশ। চলতি সপ্তাহান্তে প্রচুর ভিড়ের আশঙ্কা দিঘায়। আর তাই নিরাপত্তা সংক্রান্ত বাড়তি পদক্ষেপ করা হচ্ছে পুলিশের তরফে।
শুক্রবার ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের ছুটি। তারপরই শনি ও রবিবার। অর্থাৎ সপ্তাহান্তে তিনদিনর দীর্ঘ ছুটি। আর এই সময়টাকে ভরপুর উপভোগ করতে অনেকেই কাছাকাছি কোথাও ঘুরে আসার পরিকল্পনা করেছেন। তাঁদের অনেকের পছন্দ আবার দিঘার সমুদ্র। সেই ভালো লাগার টানেই হাওড়ার বাসিন্দা ৯ জন দল বেঁধে বৃহস্পতিবার সকালে দিঘা বেড়াতে গিয়েছেন। সেখানে পৌঁছে সমুদ্রস্নানে নামেন তাঁরা। স্নান করতে করতেই দু’জন সমুদ্রে তলিয়ে যায়। খবর পেয়ে দিঘা মোহনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে দু’জনকেই। দিঘা স্টেট জেনারেল হাসপাতালে তাঁদের নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।
