এসআইআর প্রক্রিয়ার বিরোধিতায় আজ রাজপথে নামছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দেবেন এই মেগা মিছিলে।
কলকাতার রেড রোডে ডঃ বি.আর. আম্বেদকর মূর্তির সামনে থেকে শুরু হবে মিছিল। প্রায় ৩.৮ কিলোমিটার পথ অতিক্রম করে রানি রাসমনি এভিনিউ, ডরিণা ক্রসিং, কে.সি. দাস, সেন্ট্রাল এভিনিউ, মোহাম্মদ আলী পার্ক ও মহাজাতি সদন হয়ে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেটের সামনে স্থাপিত মঞ্চে।
এই মিছিলে অংশ নেবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূল কর্মী-সমর্থকরা। কলকাতা সংলগ্ন জেলা থেকেও বিশাল সংখ্যায় মানুষ উপস্থিত হবেন বলে জানা গিয়েছে। দলের মন্ত্রী, বিধায়ক, সাংসদ থেকে শুরু করে কাউন্সিলর পর্যন্ত সবাই থাকবেন এই প্রতিবাদ মিছিলে।
তৃণমূলের দাবি, মানুষের স্বার্থে তারা রাজপথে নেমে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাঁটবেন পুরো মিছিলের পথ জুড়ে।
