রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার যুক্ত হল আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রেলের দক্ষিণ শাখা ঘোষণা করেছে যে আগামী দিনে স্লিপার শ্রেণির যাত্রীরাও রাতের ভ্রমণে পাবেন বালিশ ও চাদরের সুবিধা।
এতদিন এই পরিষেবা একমাত্র বাতানুকূল কামরার যাত্রীদের জন্য সীমাবদ্ধ ছিল। নতুন সিদ্ধান্তে সুবিধা পাবেন বিপুল সংখ্যক সাধারণ যাত্রী, বিশেষত যারা নিয়মিত নন-এসি কামরায় ভ্রমণ করেন। শীতের মরসুমে তো এই ব্যবস্থা বহু যাত্রীর আরামদায়ক যাত্রা নিশ্চিত করবে। ২০২৩-২৪ সালে রেল ভাড়া ছাড়াও অন্যান্য উৎস থেকে আয় বাড়াতে যে নতুন ব্যবস্থা চালু করেছিল, এই প্রকল্প সেই উদ্যোগেরই অঙ্গ।
বেডরোল কেনা, যান্ত্রিকভাবে ধোয়া, প্যাকিং, লোডিং, বিতরণ এবং সংরক্ষণ—এই সমস্ত কাজের দায়িত্ব দেওয়া হবে একজন নির্দিষ্ট ঠিকাদারকে। ইতিমধ্যেই শুরু হওয়া পাইলট প্রকল্পে যাত্রীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। আগামী তিন বছরে এই পরিষেবার মাধ্যমে কেবল চেন্নাই বিভাগেই প্রায় ২৮.২৭ লক্ষ টাকার রাজস্ব আয় হবে।
