জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় গাড়িতে হামলার ঘটনা ও পাল্টা অভিযোগের মামলায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট।
বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন, আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। একইসঙ্গে, চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনায় কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট।
ঘটনাটি ঘটে গত ১০ জানুয়ারি। পুরুলিয়ায় কর্মসূচি সেরে ফেরার পথে চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। সেদিন রাস্তার একপাশে বিজেপি কর্মী ও সমর্থকেরা দাঁড়িয়ে ছিলেন। রাস্তার উল্টো দিকে তৃণমূলের পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন। শুভেন্দুর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁর গাড়িতে হামলা চালায়।
সব পক্ষের বক্তব্য শোনার পরই বিচারপতি শুভ্রা ঘোষ শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেন। পাশাপাশি, শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনায় রাজ্য সরকার এবং CAPF-কে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত।
