প্রতিবাদের সিদ্ধান্ত নিলো পেনশনভোগীরা

দেশের কয়েক লক্ষ মানুষ, পুরোপুরি নির্ভরশীল পেনশনের ওপর। এবার পেনশনভোগীরাই বড় পদক্ষেপ নিতে চলেছেন। পিএফে পেনশন বাড়ানোর দাবি দীর্ঘদিনের। একাধিক কমিটি এই নিয়ে সওয়াল করলেও কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ নেয়নি। এই পরিস্থিতিতে নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় নামছেন পেনশনভোগীরা। গোটা ভারত জুড়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই এই নিয়ে মুখ খুলেছেন ইপিএস-৯৫ পেনশনভোগীদের ন্যাশানাল অ্যাজিটেশন কমিটির রাজ্য সভাপতি তপন দত্ত। জানা যাচ্ছে, পিএফের পেনশন নিয়ে কেন্দ্রের দাবি, তারা নূন্যতম পেনশনের অঙ্ক ১০০০ টাকা করেছে। তবে প্রায় ৩০ লক্ষ প্রবীণ নাগরিক সেই টাকা পান না।

ইপিএস-৯৫ পেনশনভোগীদের ন্যাশানাল অ্যাজিটেশন কমিটির এই পেনশনের টাকা মাসে মাসে ৭৫০০ টাকা করা সহ বেশ কিছু দাবি রয়েছে। এর সঙ্গে ডিএ যোগ করা, বিনামূল্যে চিকিৎসার সুযোগ সহ বেশ কিছু দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে সংশ্লিষ্ট সংগঠন। বহু বছর ধরে মহারাষ্ট্রের বুলদানায় রিলে অনশনও চলছে। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্র তাতে আমল দিচ্ছে না। সেই কারণে এবার দেশজুড়ে পথে নেমে প্রতিবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।