পোস্টার বি*তর্কে উ*ত্তপ্ত রাজনীতি, প্রার্থী ইস্যুতে বিজেপির অন্দরে অস*ন্তোষের অভিযোগ

ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। শহরের বিভিন্ন অলিগলিতে হঠাৎ করেই হাতে লেখা পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। পোস্টারগুলিতে স্পষ্ট দাবি, “ধূপগুড়ির মাটি ও বিজেপি পরিবারের দীর্ঘদিনের কর্মীকেই প্রার্থী করতে হবে, বাইরের বা অন্য দল থেকে আসা কাউকে মানা হবে না।”

এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, দলের ভাবমূর্তি নষ্ট করতেই তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এই পোস্টার লাগিয়েছে। তাদের দাবি, ভোটের আগে হাওয়া গরম করতে ও বিভ্রান্তি ছড়াতেই এই ধরনের কাজ করা হচ্ছে।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, বিজেপির অন্দরে প্রার্থী নিয়ে তীব্র গোষ্ঠীকোন্দল চলছে। সেই অসন্তোষ থেকেই দলের কর্মীরাই এই পোস্টার লাগিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ধূপগুড়ি কেন্দ্রের জন্য অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে জোরকদমে প্রচার শুরু করেছে। একইভাবে সিপিআইএম প্রার্থী নিরঞ্জন রায়ও ময়দানে নেমে পড়েছেন।

তবে এখনও পর্যন্ত বিজেপি এই গুরুত্বপূর্ণ আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি, যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে। তৃণমূলের দাবি, বিজেপির অভ্যন্তরীণ অসন্তোষই প্রার্থী ঘোষণা বিলম্বের প্রধান কারণ। শহর জুড়ে লাগানো পোস্টার সেই অস্বস্তিকেই প্রকাশ্যে নিয়ে এসেছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে পোস্টারকে কেন্দ্র করে ধূপগুড়ির রাজনৈতিক পরিবেশ যে আরও উত্তপ্ত হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।