মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার চলছে SIR-এর কাজ। তার মধ্যেই ভোট পরিচালনা সংক্রান্ত একটি নতুন পরিকল্পনা নিয়ে চর্চা শুরু হয়েছিল।
ভোটদাতাদের উৎসাহ বাড়াতে বহুতল আবাসনগুলিতে পৃথক ভোটকেন্দ্র তৈরির ভাবনা নিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু সেই পরিকল্পনা ঘিরে আপত্তি, রাজনৈতিক বিতর্ক ও বাসিন্দাদের অনীহার জেরে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এল কমিশন।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যের বহুতল আবাসনগুলিতে আলাদা করে কোনও ভোটকেন্দ্র তৈরি করা হচ্ছে না। পরিকল্পনা নিয়ে জেলাশাসক তথা ডিইও-দের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছিল। কমিশন বুঝেছে, রাজনৈতিক দলগুলির পাশাপাশি সংশ্লিষ্ট আবাসনের বাসিন্দারাও বহুতল আবাসনে আলাদা ভোটকেন্দ্র চাইছেন না। সেই কারণেই এই পরিকল্পনা থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
