ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু সুরিনাম ও সার্বিয়ায় তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। ৪ থেকে ৬ জুন তিনি সুরিনাম সফর করবেন এবং ৭ থেকে ৯ জুন সার্বিয়া সফর করবেন।
৪ থেকে ৬ জুন রাষ্ট্রপতির সুরিনাম সফরকালে দ্বিপাক্ষিক আলোচনা ও অন্যান্য কর্মসূচি থাকবে। তিনি সুরিনামে ভারতীয়দের আগমনের ১৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তিনি ৫ জুন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সুরিনাম প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট চন্দ্রিকাপ্রসাদ সান্তোখির আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি ৪ থেকে ৬ জুন সুরিনামের পারামারিবো সফর করবেন ও রাষ্ট্রপতি সান্তোখির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন। সুরিনামে তাঁর প্রথম সফরকালে তিনি সেদেশের ভারতীয় সম্প্রদায় ও প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া, ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ স্থানগুলিও পরিদর্শন করবেন তিনি।
এর আগে, এবছরের জানুয়ারিতে রাষ্ট্রপতি চন্দ্রিকাপ্রসাদ সান্তোখি সপ্তাহব্যাপী ভারত সফরে এসেছিলেন, যেখানে তিনি প্রবাসী ভারতীয় দিবস (পিবিডি) উপলক্ষে আয়োজিত কনভেনশনে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু’র এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করে তোলার দিকে আরেকটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এবছরের জানুয়ারিতে রাষ্ট্রপতি সান্তোখির ভারত সফরের পর ভারতের রাষ্ট্রপতির সুরিনাম সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করে তুলবে বলে আশা করা হচ্ছে। উভয় দেশের মধ্যে যে সুসম্পর্ক বিদ্যমাণ রয়েছে, তার পরিপ্রেক্ষিতে সুরিনাম ভারতের জি-২০ প্রেসিডেন্সির প্রতি উচ্চ আশা পোষণ করে। জানুয়ারিতে ভারত সফরকালে রাষ্ট্রপতি সান্তোখি সেবিষয়ে বলেছিলেন, ভারত জি-২০’র নেতৃত্ব গ্রহণ করেছে। বর্তমান বিশ্বে এমন নেতৃত্ব প্রয়োজন যা শান্তির নতুন বাতাবরণ সৃষ্টি করতে পারে ও সংহতির প্রয়োজন বুঝতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটাই প্রকাশ করছেন বলে তিনি মন্তব্য করেছিলেন।
৭ থেকে ৯ জুন ভারতের রাষ্ট্রপতি মুর্মু রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথমবার সার্বিয়া সফর করবেন। সেদেশে তিনি রাষ্ট্রপতি আলেক্সান্ডার ভুচিচের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া সার্বিয়ার প্রধানমন্ত্রী আনা ব্রনাবিক ও জাতীয় পরিষদের স্পিকার ভ্লাদিমির অরলিচের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। সার্বিয়ায় ভারতের রাষ্ট্রপতি একটি বাণিজ্য সংশ্লিষ্ট অনুষ্ঠানে বক্তৃতা করবেন। সেদেশের ভারতীয় সম্প্রদায় ও ভারত-বন্ধুদের সঙ্গে মতবিনিময়ও করবেন তিনি।
