বরাবরই তিক্ততার সম্পর্ক চীন ও ভারতের। ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষ চলছিল ভারত ও চিনের মধ্যে। সেই ঘটনার পর পরিস্থিতি পুরোপুরো স্বাভাবিক হতে সময় লেগে গেল অনেকটাই। পাঁচ বছরের দীর্ঘ বিরতির পর ফের আকাশপথে খুলল ভারত-চিনের দরজা।
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিনের গুয়াংজুর উদ্দেশে উড়ে গেল ইন্ডিগোর একটি বিশেষ ফ্লাইট। এর মধ্য দিয়েই পুনরায় শুরু হল কলকাতা ও গুয়াংজুর মধ্যে সরাসরি বিমান পরিষেবা। ২০১৯ সালের পর এটাই প্রথমবার যখন দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হল। ভারত-চিন বিমান ছাড়ার আগে বিমানবন্দরে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানও আয়োজিত হয়।
সেখানে উপস্থিত ছিলেন এনএসসিবিআই বিমানবন্দরের ডিরেক্টর ড. পি. আর. বাউরিয়া, এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার উচ্চপদস্থ আধিকারিকরা এবং ইন্ডিগো এয়ারলাইন্সের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক হিসেবে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন এক যাত্রী। এদিকে, কলকাতা থেকে ফ্লাইট চালু হলেও নয়াদিল্লি থেকে চিনের সরাসরি বিমান পরিষেবা শুরু হবে আগামী ৯ নভেম্বর। ওই উড়ানটি চলবে দিল্লি ও সাংহাইয়ের মধ্যে।
