তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম যুবসাথী প্রকল্প। লক্ষ লক্ষ আবেদন জমা পড়ার পর এবার আবেদনকারীদের প্রশ্ন ও অভিযোগের দ্রুত সমাধানের জন্য বিশেষ হেল্পডেস্ক চালু করল নবান্ন।
ভোটের আগে প্রকল্প কার্যকর করা নিয়ে জল্পনার মাঝেই এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন। ‘বাংলার যুবসাথী’ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের তরফে সম্প্রতি একটি নির্দেশিকা জারি হয়েছে। জানানো হয়েছে, যুব পরিষেবা ও ক্রীড়া দফতরের অধীনে একটি বিশেষ হেল্পডেস্ক কাজ করবে। প্রকল্পের সার্বিক তদারকি, পর্যবেক্ষণ এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির উদ্দেশ্যেই এই উদ্যোগ।
তথ্য অনুযায়ী, এই প্রকল্পে এখন পর্যন্ত প্রায় ৮৪ লক্ষ আবেদন জমা পড়েছে। এর মধ্যে ব্লকভিত্তিক অফলাইন শিবিরে এসে আবেদন করেছেন প্রায় ৬৫ লক্ষ যুবক-যুবতী। অনলাইন পোর্টালের মাধ্যমে জমা পড়েছে প্রায় ১৯ লক্ষ আবেদন। এত বিপুল সংখ্যক আবেদনকারীর বিভিন্ন প্রশ্নের জবাব দিতেই চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন (৬২৯২২৪৮৮৮৮)।
