ভারী বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি!

হঠাৎ ভারী বৃষ্টির পর বৃহস্পতিবার সন্ধ্যাতেও ফের প্রবল বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়ে শিলিগুড়ি শহরের একাধিক এলাকা। শহরতলী থেকে শুরু করে সাউথ শান্তিনগর এনজেপি সংলগ্ন এলাকা, আন্ডার বাইপাস ও জেব্রা ভিটা আন্ডার বাইপাস সহ বিভিন্ন জায়গায় বৃষ্টির জেরে রাস্তায় জল জমে যায়।

সন্ধ্যার পর থেকে টানা বৃষ্টির ফলে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। সন্ধ্যার পরে অফিস ছুটির সময় হওয়ায় বাড়ি ফেরার পথে বিপাকে পড়েন বহু মানুষ। অনেককেই রাস্তার ধারে দোকান, অফিস কিংবা আশ্রয়স্থলে দাঁড়িয়ে বৃষ্টি কমার অপেক্ষা করতে দেখা যায়।

দীর্ঘ সময় ধরে বৃষ্টির কারণে অনেকেই ভিজে বাড়ি ফিরতে বাধ্য হন। আবার অনেকে রাস্তায় আটকে পড়ে কিছুটা সময় অপেক্ষা করে বৃষ্টি থামার পর বাড়ির পথে রওনা দেন। শহরের বিভিন্ন আন্ডারপাস ও নিচু এলাকায় জল জমে যাওয়ায় সমস্যায় পড়েন পথচলতি মানুষ ও যানবাহন চালকেরা।

স্থানীয়দের অভিযোগ, ভারী বৃষ্টি হলেই শিলিগুড়ির একাধিক নিচু এলাকায় জল জমে যাওয়া নতুন ঘটনা নয়। বর্ষা এলেই এই সমস্যায় নিত্য ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। তবে অধিকাংশ জায়গায় বৃষ্টি কমার পর জল নেমে গেলেও বিশেষ করে নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন জাবরাভিটা আন্ডার পাশে দুদিন ধরে জলমগ্ন পরিস্থিতি হওয়ায় বিপাকে পড়েছে নিত্যযাত্রী ও পর্যটকেরা।