এলাকায় কড়া নজরদারির জেরে সাফল্য পেল নিউ জলপাইগুড়ি থানা (এনজেপি) থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়িতে নাকা চেকিং চালিয়ে একটি দশ চাকার ট্রাক থেকে ১৮টি মহিষ ও ১৮টি শাবক উদ্ধার। গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে।
পুলিশ সূত্রে জানা যায়, বিহার থেকে আসামের উদ্দেশ্যে অবৈধভাবে লাইভস্টক পাচারের চেষ্টা চলছিল। রাতে বিশেষ নজরদারির অংশ হিসেবে ফুলবাড়ি এলাকায় চেকপোস্ট বসানো হয়। সন্দেহজনক ট্রাকটিকে থামিয়ে তল্লাশি চালাতেই ধরা পড়ে বিপুল সংখ্যক মহিষ ও শাবক।
বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকচালক-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল এমডি ফজরুল হক, এমডি আলী, শাহ আলম, জাভেদ আলি ও আহার আলী। তাদের সকলের বাড়ি বিহারে বলে জানা গেছে।
পুলিশ ট্রাকটি জব্দ করেছে ও উদ্ধার হওয়া পশুগুলিকে ফুলবাড়ির খোয়ারে রাখা হয়েছে। বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।
গোটা পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
