জল্পনা শুরু হয়েছে বারাসাতের বিধায়কের প্রার্থী পদ নিয়ে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার চলছে SIR-এর কাজ। SIR ইস্যু থেকে শুরু করে সাম্প্রতিক ED-র তল্লাশি, এই সব বিষয়কে সামনে রেখে রাজ্যজুড়ে প্রতিবাদে নেমেছিল তৃণমূল কংগ্রেস।

সেই কর্মসূচিতে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রায় সব সাংসদ-বিধায়ক এবং টলিউডের ছোট পর্দার একাংশ তারকাদের দেখা গেলেও অনুপস্থিত ছিলেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। সামনেই বিধানসভা নির্বাচন, তাই তাঁর অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। উল্লেখ্য, গত বছরই চিরঞ্জিত নিজেই প্রার্থী হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন।

তিনি জানিয়েছিলেন, তাঁর জনপ্রিয়তা কমেছে, আগের মতো ভিড় হয় না। সেই সঙ্গে বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন আমি থাকছি কি না। তবে শেষপর্যন্ত মুখ্যমন্ত্রীকে বলব, আমাকে ছেড়ে দিন।” তিনি এও জানিয়েছিলেন যে, তিনি না দাঁড়ালেও ৩৫-৪০ জন বিকল্প প্রার্থী আছেন।