বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই কিছুদিন আগে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে।
দীর্ঘ ৯ বছর পর হয়েছে এসএসসি নিয়োগ পরীক্ষা। মোটের উপর নির্বিঘ্নেই মিটেছে এসএসসির পরীক্ষা। জানা যাচ্ছে শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল নভেম্বরের প্রথম সপ্তাহে বের হতে পারে। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষকপদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৬৬ হাজার।
সকলেই ফলপ্রকাশের অপেক্ষায় রয়েছেন। কমিশন সূত্রে খবর, নভেম্বরের শুরুর দিকে এসএসসির ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, ‘‘নভেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চালাচ্ছি।’’
