দোল ও হোলি উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ । লালবাজার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দোলের দিন কলকাতার ৩৯৮টি জায়গায় পুলিশ পিকেট মোতায়েন থাকবে।
এর মধ্যে খান্না মোড়, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, শ্যামবাজার-সহ ৮৬টি গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ পিকেট বসানো হবে। প্রতিটি বিশেষ পিকেটে থাকবেন ছ’জন করে পুলিশকর্মী। বাকি ৩১২টি পিকেটে তিন জন করে পুলিশকর্মী দায়িত্বে থাকবেন।
সবচেয়ে বেশি পিকেট থাকবে বন্দর এলাকায়—মোট ৭২টি। এছাড়া দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ শহরতলিতে ৩৬টি করে পিকেট বসানো হবে।
প্রতি বছর দোলের দিনে মদ্যপ ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার ঘটনা সামনে আসে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এ বছর আগাম সতর্কতা নিচ্ছে পুলিশ। শহরের বিভিন্ন প্রান্তে ৬২টি টহলদারি ভ্যান ও পিসিআর ভ্যান মোতায়েন থাকবে। পাশাপাশি মোটরবাইকেও টহল দেবে পুলিশ।
দোলের দিন গঙ্গার ঘাটগুলিতে ভিড় বাড়ার সম্ভাবনা থাকায় সেখানে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। ২৪টি ঘাটে ডিএমজি (বিপর্যয় মোকাবিলা) দল মোতায়েন থাকবে। এছাড়া কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনেও থাকবে ডিএমজি টিম, যাতে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
মহিলাদের নিরাপত্তা ও সাধারণ মানুষের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এই বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে লালবাজার। পুলিশ প্রশাসনের আশা, কড়া নজরদারির ফলে এ বছর দোল শান্তিপূর্ণ ভাবেই কাটবে।
দোলে কড়া নিরাপত্তা: শহরজুড়ে ৩৯৮ পুলিশ পিকেট, গঙ্গার ২৪ ঘাটে বিপর্যয় মোকাবিলা দল
