নির্বাচনের আগে ক*ড়া নজরদারি: শিলদুয়ার থেকে অ*স্ত্রসহ যুবক ধরা পড়তেই বাড়ল পুলিশের তৎপরতা

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার করা হয়েছে পুলিশের নজরদারি, আর তারই ফল মিলল শিলদুয়ার এলাকায়। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল সিতাই থানার পুলিশ।

বুধবার ভোররাতে প্রায় ৪টা ৩০ মিনিট নাগাদ শিলদুয়ার এলাকায় অভিযান চালানো হয়। সেই সময় প্রত্যয় বর্মন নামে এক যুবককে আটক করে পুলিশ। তল্লাশিতে তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়।

পুলিশের মতে, নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনওরকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই অভিযান চালানো হচ্ছিল।

ধৃত যুবকের সঙ্গে আর কারও যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, আগামী দিনেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে, যাতে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।