এসআইআর ইস্যুতে তৃণমূলের রাতভর অনশন, নেতৃত্বে মন্ত্রী উদয়ন গুহ

এসআইআর ইস্যুকে কেন্দ্র করে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনার আবহের মধ্যেই উত্তরবঙ্গের দিনহাটায় রাতভর অনশন কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর সঙ্গে অনশন মঞ্চে উপস্থিত ছিলেন দলের বহু নেতা- কর্মী ও সমর্থক।

মঙ্গলবার সকালে অনশন মঞ্চ থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, জাতীয় নির্বাচন কমিশন যেভাবে বৈধ ভোটারদের নাম এসআইআর- এর চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ হিসেবে দেখিয়েছে, তার বিরুদ্ধেই এই আন্দোলন।তিনি বলেন, “যারা বৈধ ভোটার, অথচ তাঁদের নাম বিচারাধীন তালিকায় রাখা হয়েছে, তাঁদের যেন ভোটাধিকার প্রয়োগ বা নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার থেকে বঞ্চিত না করা হয়।”

মন্ত্রী এদিন দুটি দাবি তুলে ধরেন। প্রথমত, যেসব বৈধ ভোটারের নাম ‘বিচারাধীন’ তালিকায় রয়েছে, তাঁদের ভোটাধিকার ও নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, যদি এই দাবি মানা না হয়, তবে এসআইআরের পুরো প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে।

তিনি আরও দাবি করেন, রাজ্যের বেশ কয়েকজন বিধায়ক ও মন্ত্রী রয়েছেন, যারা আইনসভায় থেকে আইন প্রণয়নে অংশ নিয়েছেন, অথচ তাঁদের নামও এখনও ‘বিচারাধীন’ তালিকায় রয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচন কমিশনকে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে যাতে তাঁদের প্রার্থী হওয়া বা ভোটাধিকার প্রয়োগে কোনো বাধা না থাকে।

সম্প্রতি কমিশনের তরফে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে প্রায় ৬০ লক্ষ ভোটার ‘বিচারাধীন’ তালিকায় রয়েছেন। এই প্রসঙ্গে কটাক্ষ করে উদয়ন গুহ বলেন, “ধরে নিলাম এই ৬০ লক্ষ ভোটারই অনুপ্রবেশকারী। তাহলে তাঁদের ভোটে যারা লোকসভায় নির্বাচিত হয়ে কেন্দ্রে সরকার গঠন করেছে, তাদের আগে পদত্যাগ করা উচিত।”

উল্লেখ্য, এসআইআর ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কলকাতায় একই ইস্যুতে আন্দোলনে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গেও তৃণমূল নেতৃত্ব এই আন্দোলন জোরদার করতে সক্রিয় ভূমিকা নিচ্ছে।