পূর্ব ঘোষিত সময়েই ঘোষিত হয়েছে কেন্দ্রীয় বাজেট, আর তার ঠিক এক সপ্তাহের মধ্যেই এবার রাজ্য বাজেটের পালা। বিধানসভায় পেশ হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের ‘ভোট অন অ্যাকাউন্ট’ বাজেট। বিধানসভায় বক্তব্য রাখবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
কেন্দ্রের বাজেট পেশ হওয়ার পর তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব একযোগে তার সমালোচনা করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সকলেই কেন্দ্রীয় বাজেটকে ‘বেসলেস বাজেট’ বলে কটাক্ষ করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, কেন্দ্রের বাজেট সম্পূর্ণভাবে বাংলা-বিরোধী এবং সাধারণ মানুষের স্বার্থবিরোধী।
এবার পালা রাজ্য সরকারের বাজেটের। ভোটের আগে এই বাজেটে সাধারণ মানুষের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পে বরাদ্দ বাড়ে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। বিশেষ করে সবচেয়ে বেশি আলোচনা চলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে ঘিরে। মহিলা ভোট তৃণমূলের অন্যতম শক্তিশালী ভোটব্যাঙ্ক, তাই এই প্রকল্পে বরাদ্দ আরও বাড়ানো হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে।
