সংক্রান্তির সঙ্গেই শীতের বিদায়! সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা

মকর সংক্রান্তির পরই ধীরে ধীরে বিদায় নিতে চলেছে শীত। উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এবং ১৬ জানুয়ারি, শুক্রবার নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকায় উত্তুরে হাওয়ার গতি কমবে। এর ফলেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
রবিবার পর্যন্ত শীতের আমেজ থাকলেও আগামী সপ্তাহের সোমবার থেকে বুধবারের মধ্যে তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২-১৩ ডিগ্রির আশপাশে, আর পশ্চিমের জেলাগুলিতে তা নামতে পারে ৭-১০ ডিগ্রিতে।

এদিকে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগনায় দৃশ্যমানতা কমতে পারে। আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও একই সঙ্গে কুয়াশা ও ঠান্ডার দাপট বজায় থাকবে।