বামপন্থী সংগঠন ছেড়ে INTTUC-তে যোগ দিল ২৪ জন পৌর কর্মী

শহরের রাজনীতিতে বড় রদবদল। কোচবিহার পৌর শ্রমিক কর্মচারী সমিতির মোট ২৪ জন সদস্য বামপন্থী শ্রমিক সংগঠন ছেড়ে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC-তে (আইএনটিটিইউসি) যোগদান করলো।

শুক্রবার কোচবিহার পৌরসভার সামনে এক দলীয় অনুষ্ঠানের মাধ্যমে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, আইএনটিটিইউসির কোচবিহার জেলা সভাপতি রাজেন্দ্র বইদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে ২৪ জন পৌর কর্মী INTTUC-তে যোগ দেয়। এই প্রসঙ্গে যোগদানকারী কর্মীরা জানায়, এতদিন বাম সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও তারা কোনওরকম সুযোগ-সুবিধা পাননি। নিজেদের ভবিষ্যৎ ও নিরাপত্তার কথা ভেবেই তারা এই পরিবর্তনের সিদ্ধান্ত নেন বলে জানায়।

জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে কোচবিহার শহরে শ্রমিক সংগঠনের ভিত্তি আরও মজবুত হল। শ্রমিকদের ন্যায্য দাবিদাওয়া আদায়ে INTTUC বরাবরের মতোই পাশে থাকবে।

এই রাজনৈতিক পালাবদল ঘিরে কোচবিহারের শ্রমিক রাজনীতিতে এক নতুন মেরুকরণের ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।