দার্জিলিংয়ে বিধ্বং*সী অ*গ্নিকাণ্ডে পু*ড়ে ছাই চিত্রশিল্পীর বাড়ি, মুখ্যমন্ত্রীর আঁকা ছবিও ভ*স্মীভূত

দার্জিলিংয়ের লালকুটির কাছে এসি বোস রোডে শনিবার দুপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেল চিত্রশিল্পী কুমার ছেত্রীর দুই তলা কাঠের বাড়ি। আগুনের গ্যাসে সর্বস্ব ভস্মীভূত হয়ে যায় তাঁর শখের বাসস্থানটি।

চলতি সপ্তাহেই দার্জিলিং সফরে গিয়ে প্রশাসনিক বৈঠকের পর সেই বাড়িতেই বসে ক্যানভাসে তুলির ছোঁয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মূল্যবান আঁকাও আগুনে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, ঘটনার সময় বাড়িতে ছিলেন কুমার ছেত্রীর বৃদ্ধা স্ত্রী ও মেয়ে। কুমারবাবু বিশেষ কাজে বাইরে গিয়েছিলেন। আচমকা লেলিহান আগুনের শিখা দেখতে পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কাঠের বাড়ি হওয়ায় মুহূর্তে সব পুড়ে ছাই হয়ে যায় বলে জানিয়েছেন দমকল কর্মীরা। বাড়ির প্রায় কিছুই উদ্ধার করা যায়নি। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়, তবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।