শিশু ও নাবালিকার অশ্লীল ভিডিও বিক্রির চক্র ফাঁস: সুন্দরবন থেকে গ্রেপ্তার এক যুবক

নাবালিকা ও শিশুদের অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করে সমাজমাধ্যমে বিক্রির অভিযোগে বড়সড় সাইবার অপরাধ চক্রের পর্দাফাঁস করল কলকাতা পুলিশের সাইবার বিভাগ। এই ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানা এলাকা থেকে সাকিরুল ইসলাম কাজি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতার সল্টলেকের সাইবার পুলিশ টিমের হাতে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ তথ্য আসে। তদন্তে উঠে আসে, বিভিন্ন ভুয়ো ইন্টারনেট আইডি ব্যবহার করে শিশু ও নাবালিকাদের অশ্লীল ছবি ও ভিডিও ডাউনলোড করে নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করা হচ্ছিল। পরে সেগুলি টাকার বিনিময়ে সমাজমাধ্যমে বিক্রি করা হত।

ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এই চক্রের সঙ্গে যুক্ত ছিল বলে সন্দেহ। মোবাইল ফোন ও ল্যাপটপের মাধ্যমে এই সমস্ত ছবি ও ভিডিও সংগ্রহ করে তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হত।

পুলিশ জানিয়েছে, এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া ডিভাইস ও তথ্য বিশ্লেষণ করে তদন্ত এগোচ্ছে।

এই ঘটনায় শিশু সুরক্ষা ও সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসন জানিয়েছে, এমন অপরাধ রুখতে আরও কড়া নজরদারি চালানো হবে।