জগন্নাথধাম, দুর্গা অঙ্গনের পর এবার শিলিগুড়িতে মহাকাল মন্দির: দার্জিলিঙে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা

পশ্চিমবঙ্গের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিকাঠামোকে আরও সমৃদ্ধ করতে এবার শিলিগুড়িতে গড়ে উঠতে চলেছে রাজ্যের বৃহত্তম মহাকাল মন্দির। বৃহস্পতিবার দার্জিলিঙের ঐতিহ্যবাহী মহাকাল মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন। তিনি জানান, দিঘার জগন্নাথধাম ও রাজারহাটের দুর্গা অঙ্গনের পর এবার উত্তরবঙ্গে তৈরি হবে মহাকাল ধাম, যেখানে থাকবে রাজ্যের সবচেয়ে বড় শিবমূর্তি।

মুখ্যমন্ত্রী বলেন, “দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, রাজারহাটে দুর্গাঙ্গন হচ্ছে, এবার শিলিগুড়িতে তৈরি হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির।” তিনি আরও জানান, প্রকল্পের জন্য সম্ভাব্য জমি চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। শিলিগুড়ির জেলাশাসককে জমি নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে।

এই মন্দির শুধু ধর্মীয় কেন্দ্র হিসেবেই নয়, পর্যটন আকর্ষণ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “প্রাকৃতিক বিপর্যয়ের পর দার্জিলিং ও উত্তরবঙ্গ ধীরে ধীরে ছন্দে ফিরছে। পর্যটকরাও ফিরতে শুরু করেছেন। তাই নতুন এই মন্দির শুধু ভক্তদের নয়, পর্যটকদের কাছেও বড় আকর্ষণ হয়ে উঠবে।”

মন্দিরে প্রবেশের সুবিধার্থে বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ভক্তদের জন্য গ্রিন কারের ব্যবস্থাও রাখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই ঘোষণার মাধ্যমে উত্তরবঙ্গের ধর্মীয় ও পর্যটন সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হল। প্রশাসনিক স্তরে প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে।