২০২৬ সালের বিধানসভা নির্বাচন এখনও ঘোষনার অপেক্ষায়। তবে তার আগেই রাজনৈতিক ময়দানে গতি আনতে শুরু করল বিজেপি।
নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে শিলিগুড়িতে শুরু হয়েছে দেয়াল লিখন কর্মসূচি, যার মাধ্যমে সংগঠনকে চাঙ্গা করার পাশাপাশি জনসংযোগ বাড়ানোর কৌশল নিচ্ছে গেরুয়া শিবির।
বৃহস্পতিবার শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ১৯ ডাবগ্রাম – ফুলবাড়ি বিধানসভা এলাকায় এই কর্মসূচির সূচনা হয়। দেওয়ালে স্লোগান ও বার্তার মাধ্যমে দলের রাজনৈতিক অবস্থান তুলে ধরার পাশাপাশি কর্মীদের মধ্যে উৎসাহ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা বিজেপির সহ-সভাপতি দীপঙ্কর আরোরা। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও দলীয় কর্মীরা। নেতৃত্বের বক্তব্য, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও সাংগঠনিক প্রস্তুতি ও জনসংযোগের কাজ আগেভাগেই শুরু করা জরুরি।
দলীয় সূত্রে খবর, আগামী দিনে শুধু দেয়াল লিখনেই সীমাবদ্ধ না থেকে বাড়ি-বাড়ি প্রচার, সভা, কর্মী বৈঠক ও সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে এলাকায় রাজনৈতিক সক্রিয়তা আরও বাড়ানো হবে।
বিজেপির দাবি, উত্তরবঙ্গে দলের ভিত্তি আরও শক্ত করতে ও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভালো ফলের লক্ষ্যে এখন থেকেই পরিকল্পিতভাবে মাঠে নামা হয়েছে।
