বদলে ফেলা হবে সমস্ত মেট্রো গেট

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। বড়সড় বদল হচ্ছে কলকাতা মেট্রোয়। একদিকে যেমন বিভিন্ন রুটে মেট্রো সম্প্রসারণ হচ্ছে, তেমনই অন্যদিকে আমূল বদল আসতে চলেছে কলকাতা মেট্রোর ব্লু লাইনে। যাত্রীরা সুবিধার জন্য নতুন করে সাজানো হচ্ছে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাত্রাপথ।

এবার ব্লু লাইনের ক্ষেত্রে মেট্রো স্টেশনের সমস্ত স্বয়ংক্রিয় গেট বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা মেট্রোর সবথেকে পুরনো লাইনে একাধিক সমস্যার অভিযোগ করেছেন নিত্যযাত্রীরা। এর মধ্যে অন্যতম সমস্যা স্বয়ংক্রিয় গেট সিস্টেম। মূলত কিউআর কোড যুক্ত কাগজের টিকিট চালু হওয়ার পর থেকেই স্বয়ংক্রিয় গেটে সমস্যা হতে শুরু করে।

তাড়াহুড়োর সময় অনেক ক্ষেত্রেই দেখা যায় গেট খুলতে সমস্যা হচ্ছে। খবর অনুযায়ী, সেই ২০১১ সালে অধিকাংশ মেট্রো স্টেশনে বসানো হয়েছিল এই স্বয়ংক্রিয় গেটগুলি। তাই এবার বড় পদক্ষেপ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ২৫ টি স্টেশনে মোট ১৩৩ টি নতুন গেট বসানো হবে। মাস কয়েকের মধ্যেই গেটগুলি সব বদলে ফেলা হবে খবর।