যোধপুরে প্র*য়াত সেনা কর্মকর্তা কানাই সরকার

রাজস্থানের যোধপুরে কর্মরত অবস্থায় প্রয়াত হলেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা ও ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা কানাই সরকার (৪৫)। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সহকর্মী এবং গোটা শান্তিপুর জুড়ে।

পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতেও স্ত্রীর সঙ্গে তাঁর স্বাভাবিকভাবে কথা হয়েছিল। কিন্তু পরদিন সকাল সাড়ে ৯টা নাগাদ পরিবারের কাছে তাঁর মৃত্যুসংবাদ পৌঁছায়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভোর প্রায় ৪টা নাগাদ যোধপুরে নিজস্ব কোয়ার্টারে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পরিবারের দুই সদস্য যোধপুরে পৌঁছান। পরে কফিনবন্দি মরদেহ শান্তিপুরের বড় জিয়াপুরে তাঁর বাসভবনে আনা হলে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ভিড় জমান স্থানীয়রা। পরে স্থানীয় স্কুল মাঠে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট প্রদান করা হয়।