সোমবার যাত্রী, বিশেষত মহিলা যাত্রীদের সঙ্গে হওয়া হয়রানি ও দুর্ব্যবহারের প্রতিবাদে শিলিগুড়ির ট্রেজারি বিল্ডিং চত্বরে অবস্থিত আঞ্চলিক পরিবহণ দফতর (এআরটিও)-এ স্মারকলিপি জমা দিল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শহরে চলাচলকারী কিছু বেসরকারি বাসে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার এবং মহিলা যাত্রীদের হেনস্তার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
এছাড়াও, কয়েকটি বেসরকারি বাসে ‘এনবিএসটিসি’ (NBSTC) লেখা হচ্ছে এবং সরকারি বাসের মতো নীল রঙ ব্যবহার করা হচ্ছে, যার ফলে সাধারণ যাত্রীরা বিভ্রান্ত হচ্ছেন। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের প্রতিনিধিদের দাবি, এই ধরনের কর্মকাণ্ড যাত্রীস্বার্থের পরিপন্থী এবং গণপরিবহণ ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করছে। বিশেষ করে মহিলা যাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়।
দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি পরিবহণ সংস্থার পরিচয়ের অপব্যবহার বন্ধ করার দাবিতে এআরটিও-র কাছে স্মারকলিপি জমা দেয় সংগঠনটি।
