ব্রাউন ব্রেডেও কৃত্রিম রং! চিকিৎসকদের সতর্কবার্তা মেনে ঘরেই তৈরি করুন সাধের পাউরুটি

বাজারের কেনা পাউরুটি কি সত্যিই নিরাপদ? চিকিৎসকদের সাম্প্রতিক দাবি কিন্তু কপালে চিন্তার ভাঁজ ফেলছে। সকালের জলখাবারে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে পাউরুটি অত্যন্ত জনপ্রিয় ও সহজ একটি বিকল্প। মেয়োনিজ, মাখন বা জ্যাম মাখিয়ে চটজলদি পেট ভরানোর এই অভ্যাসে লুকিয়ে আছে বড় বিপদ।

গবেষণায় দেখা গেছে, দোকানের পাউরুটি দীর্ঘদিন নরম, তুলতুলে এবং তাজা রাখার জন্য তাতে পটাশিয়াম ব্রোমেট ও পটাশিয়াম আয়োডেটের মতো রাসায়নিক মেশানো হয়। ময়দা ভালো করে ফোলানোর জন্যও এগুলো ব্যবহৃত হয়। একাধিক পরীক্ষা অনুযায়ী, পটাশিয়াম ব্রোমেটের মতো রাসায়নিক শরীরে ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এ ছাড়া পাউরুটিতে থাকা প্রিজ়ারভেটিভ সরাসরি লিভার ও কিডনির ক্ষতি করতে পারে। অনেকেই আবার সাদা পাউরুটি এড়িয়ে ‘ব্রাউন ব্রেড’ কেনেন, কিন্তু তাতেও কৃত্রিম রং মেশানোর অভিযোগ রয়েছে।

তাই সুস্থ থাকতে চিকিৎসকেরা বাজারের কেনা পাউরুটি বর্জন করার পরামর্শ দিচ্ছেন। তবে এর সমাধানও রয়েছে। খুব সহজ পদ্ধতিতে ঘরেই বানিয়ে নেওয়া যায় স্বাস্থ্যকর পাউরুটি। ইস্ট ব্যবহার করে কিংবা ইস্ট ছাড়া— দুভাবেই ঘরে তুলতুলে পাউরুটি তৈরি সম্ভব। এতে রাসায়নিকের ভয় থাকে না এবং পুষ্টিগুণও বজায় থাকে। সামান্য সময় খরচ করে বাড়িতে তৈরি পাউরুটি একদিকে যেমন সুস্বাদু, অন্যদিকে তেমনই আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য একশো শতাংশ নিরাপদ।