গত বছর ৩১শে ডিসেম্বর শিলিগুড়ি থানার অন্তর্গত খালপাড়া আউটপোস্ট এলাকার একটি বাড়িতে ঘটে চুরির ঘটনা।
জানা যায়, স্থানীয় বাসিন্দা শুভঙ্কর কর তার মা ও বোনকে নিয়ে সকালে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেই সময় বাড়ি তালাবন্ধ ছিল।
এই সুযোগকেই কাজে লাগায় দুষ্কৃতীরা। শুভঙ্করের বোনের বিয়ের জন্য দীর্ঘদিন ধরে জমানো নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয় তারা।
দিনের আলোতেই চুরির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে শুভঙ্কর কর ও তাঁর পরিবার দেখতে পান বাড়ির সবকিছু তছনছ হয়ে রয়েছে ও খোয়া গিয়েছে নগদ অর্থ ও স্বর্ণালংকার।
এরপরই তিনি খালপাড়া আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে খালপাড়া আউটপোস্টের পুলিশ। বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালায় পুলিশ। অবশেষে সাফল্য আসে। গত ১৬ই জানুয়ারি দুই দুষ্কৃতী শিলিগুড়ির কুলিপাড়ার বাসিন্দা পঙ্কজ পাশওয়ান ও জ্যোতি নগরের বাসিন্দা করন বর্মনকে গ্রেফতার করা হয়।
ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হয়।
রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় ধৃতদের কাছ থেকেই উদ্ধার হয় চুরি যাওয়া সমস্ত সামগ্রী।
পাশাপাশি জেরায় আরও এক দুষ্কৃতীর নাম উঠে এসেছে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে খালপাড়া আউটপোস্টের পুলিশ।
পুলিশি তৎপরতায় চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
