ক্যালিফোর্নিয়া গ্রক-এর বিরুদ্ধে এআই ডিপফেক বিতর্কে তদন্ত

ক্যালিফোর্নিয়া রাজ্য এলন মাস্কের কোম্পানি xAI-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। অভিযোগ উঠেছে যে তাদের এআই মডেল Grok মানুষকে না জানিয়ে যৌন প্রকৃতির ভুয়া ছবি তৈরি করছে। রাজ্যের অ্যাটর্নি জেনারেল রব বোন্টা বলেছেন, নারীদের এবং এমনকি শিশুদের নিয়ে করা এসব ভুয়া ছবি “অত্যন্ত উদ্বেগজনক” এবং xAI-এর উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।

এ ঘটনায় বিশ্বজুড়ে নজরদারি বাড়ছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টার্মারের মতে, X প্ল্যাটফর্ম নিজের নিয়ম ঠিক করার অধিকার হারাতে পারে। ব্রিটেনের টেক নজরদারি সংস্থা অফকমও আলাদা তদন্ত শুরু করেছে।আইন ভাঙলে কোম্পানিকে বিশ্বব্যাপী আয়ের ১০% পর্যন্ত জরিমানা করা হতে পারে।

xAI বলছে, অবৈধ নির্দেশ দিলে দায় ব্যবহারকারীর, কোম্পানির নয়। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, যদি এআই নিজে ক্ষতিকর কনটেন্ট তৈরি করে, তবে সেই যুক্তি টেকে না। করনেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস গ্রিমেলম্যান উল্লেখ করেন, ধারা 230 (Section 230) যা অনলাইন প্ল্যাটফর্মকে সুরক্ষা দেয় এ ক্ষেত্রে প্রযোজ্য নয়। এলন মাস্ক কোনো শিশুকে নিয়ে তৈরি ভুয়া ছবি দেখেননি বলে দাবি করেন এবং সমালোচনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেন। যদিও কিছু মার্কিন আইনপ্রণেতা অ্যাপ স্টোর থেকে X এবং Grok সরিয়ে ফেলার দাবি তুলেছেন, তবু বর্তমানে দুটোই ব্যবহারযোগ্য রয়েছে।