বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়ির রাজনৈতিক পরিস্থিতিতে বড় মোড়। নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিজেপি প্রার্থী শংকর ঘোষ নিজের নির্বাচনী প্রচার সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার থেকেই নিজের সমস্ত রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখেন শংকর ঘোষ। তিনি জানান, অভিযুক্ত গ্রেফতার না হওয়া পর্যন্ত তিনি প্রচারে ফিরবেন না।
এদিকে, প্রার্থীর অনুপস্থিতিতে দলের প্রচারের দায়িত্ব কাঁধে তুলে নেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। বৃহস্পতিবার শিলিগুড়ির নয়া বাজার এলাকায় শংকর ঘোষের সমর্থনে প্রচারে নামেন তিনি।
দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে জনসংযোগে অংশ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। প্রচার চলাকালীন রাজু বিস্ত বলেন, “এই দুঃখজনক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”
পাশাপাশি শংকর ঘোষের এই সিদ্ধান্তকে মানবিক বলে উল্লেখ করে মানুষের পাশে থাকার বার্তাও দেন তিনি।
