২৫০ রান তাড়া করা মুখের কথা নয়! হারের পর সমালোচকদের ধুয়ে দিলেন গুজরাতের ফিলিপস

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে গুজরাত। ব্যাটিং এবং ফিল্ডিং— দুই বিভাগেই চরম ব্যর্থতার মুখে পড়তে হয়েছে তাদের। তবে ম্যাচ হারের হতাশার মাঝেই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কড়া প্রশ্নে মেজাজ হারালেন গুজরাতের কিউই ক্রিকেটার গ্লেন ফিলিপস। একটি নির্দিষ্ট প্রশ্নকে সরাসরি ‘ভয়ঙ্কর খারাপ’ বলে দাগিয়ে দেন তিনি।

আসলে বেঙ্গালুরুর দেওয়া বিশাল রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় গুজরাত। শুভমন গিল, সাই সুদর্শন এবং জস বাটলারের মতো তিন প্রধান ব্যাটার দ্রুত প্যাভিলিয়নে ফেরায় ১৬২ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। ম্যাচের পর এক সাংবাদিক ফিলিপসকে প্রশ্ন করেন, গুজরাত দল কি রান তাড়া করতে নামার আগেই মানসিকভাবে হার স্বীকার করে নিয়েছিল?

এই প্রশ্নেই ক্ষোভ ফেটে পড়েন ফিলিপস। তিনি অত্যন্ত কড়া ভাষায় জবাব দিয়ে বলেন, “এটি অত্যন্ত বোকার মতো একটি প্রশ্ন। পেশাদার ক্রিকেটার হিসেবে কোনো দলই মাঠে নামার আগে ম্যাচ ছেড়ে দেওয়ার কথা ভাবে না। আমরা মাঠে নেমে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।”

পরাজয়ের ব্যবধান নিয়ে ফিলিপস আরও যোগ করেন, “দুর্ভাগ্যবশত টি-টোয়েন্টিতে ২৫০ বা তার বেশি রান তাড়া করতে নামলে প্রতিটা পদক্ষেপ নিখুঁত হতে হয়। ক্রিকেট ইতিহাসে পাঞ্জাবের মতো হাতে গোনা দু-একটি দলই কেবল এই অসম্ভবকে সম্ভব করেছে। আমি নিজে এখনও এমন কোনো দলে খেলিনি যারা ২৫০ রান তাড়া করে ম্যাচ জিতেছে। তাই এই ধরণের পরিস্থিতি সবসময়ই চাপের।” হারের গ্লানির পাশাপাশি ফিলিপসের এই মারকুটে সাক্ষাৎকারটি বর্তমানে ক্রিকেট মহলে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।