প্লে-অফের লড়াই থেকে বিদায়ের পর এবার চেন্নাই সুপার কিংস শিবিরে নেমে এলো শাস্তির কোপ। গুজরাত টাইটান্সের কাছে লিগ পর্বের শেষ ম্যাচে ৮৯ রানের বড় ব্যবধানে হেরে এমনিতেই ব্যাকফুটে ছিল ধোনির দল। সেই যন্ত্রণার মাঝেই মন্থর ওভার রেটের কারণে বড় অঙ্কের জরিমানা করা হলো চেন্নাইয়ের ক্রিকেটারদের। আইপিএল কর্তৃপক্ষের কোপে পড়তে হলো অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়সহ দলের বাকি সদস্যদেরও।
আইপিএল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গুজরাত ম্যাচে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পারেনি চেন্নাই। চলতি মরসুমে এই নিয়ে দ্বিতীয়বার মন্থর বোলিংয়ের অপরাধ করল তারা। আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, দ্বিতীয়বার এই ভুলের জন্য অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শাস্তি থেকে রেহাই পাননি প্রথম একাদশের বাকি ক্রিকেটার ও ইমপ্যাক্ট সাবস্টিটিউট হিসেবে মাঠে নামা খেলোয়াড়েরাও। তাঁদের প্রত্যেককে ৬ লাখ টাকা অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ—এই দুইয়ের মধ্যে যে অঙ্কটি কম, সেই পরিমাণ টাকা জরিমানা হিসেবে দিতে হবে। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার যন্ত্রণার পাশাপাশি এই আর্থিক জরিমানা স্বাভাবিকভাবেই রুতুরাজদের অস্বস্তি ও হতাশা আরও বাড়িয়ে দিল।
