ভারতীয় স্বাদের প্রতি মানুষের টানকে পুনরুজ্জীবিত করতে কোকা-কোলা ইন্ডিয়া তাদের জনপ্রিয় পানীয় ‘রিমঝিম জিরে’-কে এক ধামাকাদার আন্দাজে ফিরিয়ে এনেছে। “জিরে মে হীরা, রিমঝিম জিরে”—এই থিমকে সামনে রেখে শুরু হওয়া নতুন প্রচার অভিযানে রিমঝিমকে কেবল একটি নস্ট্যালজিক পানীয় হিসেবে নয়, বরং বর্তমান প্রজন্মের কাছে একটি খাঁটি দেশি বা ‘এথনিক’ পানীয় হিসেবে তুলে ধরা হয়েছে। এই ক্যাম্পেইনে আর. ডি. বর্মনের কালজয়ী গান “দুনিয়া মে লোগো কো…”-এর সেই বিখ্যাত সুর “বিরা… তারা তারা তারা…”-কে এক মজাদার মোড়কে “জিরে-এ-এ-এ” লিরিক্স দিয়ে ব্যবহার করা হয়েছে, যা মানুষের মনে সহজেই গেঁথে যাচ্ছে।
কোকা-কোলা ইন্ডিয়া এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ার ইমার্জিং ক্যাটাগরির সিনিয়র ডিরেক্টর শোভনজিৎ রথ জানান যে, ৭০ বছরের পুরনো ঐতিহ্যের এই পানীয়টি তার চিরচেনা কড়া জিরে স্বাদের মাধ্যমেই মানুষের মনে জায়গা করে নেবে। এই প্রচার অভিযানের লক্ষ্য ছিল সাধারণ মুহূর্তগুলোকে আনন্দময় করে তোলা। জিগজ্যাগ ফিল্মসের পরিচালক অভিজিৎ সুধাকর এবং ক্রিয়েটিভ এজেন্সি ‘ট্যালেন্টেড’-এর তানিমা কোহলি উভয়েই জানিয়েছেন, বর্তমানের একঘেয়ে পানীয়র বাজারে রিমঝিমের এই পাগলামি ভরা ও ছন্দময় বিজ্ঞাপনটি দর্শকদের মন্ত্রমুগ্ধ করবে।
ভারতে প্রস্তুত রেডি টু ড্রিঙ্ক পানীয় হিসেবে রিমঝিমই ছিল প্রথম দিকে সবচেয়ে জনপ্রিয়। ভারতীয় রান্নাঘর ও স্ট্রিট ফুড সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ জিরেকে কেন্দ্র করেই এর সতেজ স্বাদ তৈরি করা হয়েছে। বর্তমানে সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে ২৫০ মিলি প্যাকের দাম রাখা হয়েছে মাত্র ১০ টাকা। ডিজিটাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া, ইনফ্লুয়েন্সার কোলাবরেশন এবং আউটডোর বিজ্ঞাপনের মাধ্যমে এই ৩৬০-ডিগ্রি ক্যাম্পেইনটি সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
