বাঁশের সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন! বিপাকে প্রায় ১০ হাজার বাসিন্দা

যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো মরা রায়ডাক নদীর স্রোতে ভেঙে যাওয়ায় কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোপালের কুটি ও বালাভূতে। ফলে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন প্রায় ১০ হাজার বাসিন্দা। ঘটনাটি কোচবিহার জেলার বালাভূত গ্রাম পঞ্চায়েতের গোপালের কুটি এলাকায়।

গত দু’দিনের প্রবল বর্ষণ সাথে পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির জেরে ফুলেফেঁপে ওঠে রায়ডাক সহ উত্তরবঙ্গের একাধিক নদী। ইতিমধ্যে রায়ডাক নদীর জল প্রবেশ করে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি গোপালের কুটি এলাকায় মরা রায়ডাক নদীর উপর বাঁশের সাঁকোটি ছিল বালাভূত থেকে গোপালের কুটি যাওয়ার একমাত্র পথ। এই সাঁকো দিয়ে বালাভূত থেকে সরাসরি অসমেও যাতায়াত করতেন বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই স্থায়ী সেতুর দাবি জানানো হলেও তা পূরণ হয়নি। সাঁকো ভেঙে যাওয়ায় পড়ুয়ারা স্কুলে যেতে পারছেন না। বর্তমানে পরীক্ষা চললেও প্রায় শতাধিক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। জরুরি পরিস্থিতিতে চিকিৎসা কিংবা অন্যান্য প্রয়োজনে বড় ধরনের সমস্যায় পড়বেন বলে আশঙ্কা বাসিন্দাদের।

বালাভূত গ্রাম পঞ্চায়েতের প্রধান আফতার আলি ব্যাপারী জানান, ওই স্থানে সেতু নির্মাণের অনুমতি মিলেছে এবং বর্ষার পর দ্রুত কাজ শুরু হবে। তবে আপাতত আলোচনার মাধ্যমে নৌকার ব্যবস্থা করে যাতায়াত চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।