পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। চিংড়িঘাটা মেট্রো নিয়ে জট কেটেও যেন কাটতে চাইছে না। এই অংশে কাজ আটকে থাকায় মেট্রোর সম্প্রসারণ থমকে রয়েছে দীর্ঘদিন ধরে। বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশে এখনও আটকে রয়েছে কাজ।
এর জন্য রাজ্য সরকারের বিরুদ্ধেই অসহযোগিতার অভিযোগ এনেছে রেল বিকাশ নিগম লিমিটেড। এই মর্মে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে নির্মাণকারী সংস্থা। নিউ গড়িয়া-বিমানবন্দর রুটে পড়ছে চিংড়িঘাটার এই অংশটি, যেখানে এখনও আটকে রয়েছে কাজ। এই রুটটি চালু হয়ে গেলেও এখন নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত যাওয়া যায়। সম্পূর্ণ প্রকল্পের কাজই শেষ, শুধু মাঝে থমকে রয়েছে ৩৬৬ মিটার অংশের কাজ। নির্মাণকারী সংস্থার তরফে অভিযোগ করা হয়েছে, কখনও ইডেনে টেস্ট, কখনও ম্যারাথনের কথা বলে রাজ্য সরকার অসহযোগিতা করছে।
এবার কাজ শুরুর জন্য আদালতের হস্তক্ষেপ দাবি করেছে আরভিএনএল। এ বিষয়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানায়, নির্মাণকারী সংস্থা এ বিষয়ে আদালতের কাছে লিখিত বক্তব্য জানাক। এরপর সেই মতো পরবর্তী পদক্ষেপ করবে আদালত।
