বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কোচবিহারের পঞ্চায়েত সদস্য রেনুকা দাস

কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পুটিমারী ফুলেশ্বরী অঞ্চলের পঞ্চায়েত সদস্য রেনুকা দাস এবার দলবদল করে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।

শুক্রবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন।

এই প্রসঙ্গে জেলা সভাপতি বলেন, “বর্তমানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি ছেড়ে একাধিক পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করছে। এটা প্রমাণ করে, বিজেপির প্রতি আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ ও নেতারা।” তিনি আরো জানান, এটাই তৃণমূল কংগ্রেসের ১৮৯তম যোগদান কর্মসূচি।

রেনুকা দাসের স্বামী জানান, “উন্নয়নের স্বার্থে ও মানুষের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল সরকার যেভাবে কাজ করছে, তা ভবিষ্যতের জন্য ইতিবাচক।”

এই দলবদলকে ঘিরে পুটিমারী ফুলেশ্বরী এলাকায় রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে। আগামী দিনে আরও যোগদানের ইঙ্গিত দিয়েছে জেলা নেতৃত্ব।